তানজিন তিশা ও সামিয়া অথৈ
অভিনয়শিল্পীদের মধ্যকার বিরোধ নিরসনে সালিশ কমিটির সিদ্ধান্ত না মানা এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
শনিবার (৭ নভেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানা গেছে।
সংগঠন সূত্র জানায়, অভিনয়শিল্পীদের মধ্যকার বিরোধ ও দ্বন্দ্ব নিরসনে একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। তানজিন তিশা ও সামিয়া অথৈর বিরোধের পরিপ্রেক্ষিতে তাঁদের সালিশের জন্য ডাকা হয়। সেখানে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং একটি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে তাঁরা কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করেননি।
সালিশ কমিটির পক্ষ থেকে তাঁদের পরপর দুটি চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। বরং চিঠিগুলো ফেরত আসে। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর সালিশ কমিটি তাঁদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে কার্যনির্বাহী কমিটির কাছে। পরে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সেই সুপারিশ গৃহীত হয়।
অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনো জবাব দেননি। এ কারণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করে সংগঠনটি।
সংগঠনটি আরও জানিয়েছে, কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা অটুট রাখার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।