ব্যাটিং করছেন কেভিন
সিলেট টেস্টের প্রথম সেশনে শুরুতে দাপট দেখালেও ওয়েস্ট ইন্ডিজকে চাপে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মাত্র ২৭ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যাহ্নভোজের বিরতিতে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।
সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা। দ্বিতীয় ওভারেই স্লিপে ক্যাচ ফেলে সুযোগ নষ্ট করেন সাদমান ইসলাম। তবে দ্রুতই উইকেট তুলে নেয় বাংলাদেশ।
পঞ্চম ওভারে তাসকিন আহমেদের ইনসুইংয়ে বোল্ড হন ওপেনার ব্রেন্ডন কিং। ১৮ বলে ৯ রান করেন তিনি। এরপর হাসান মাহমুদের ইনসুইংয়ে বোল্ড হন কাভেম হজ। তার সংগ্রহ মাত্র ১ রান।
শুরুতে জীবন পাওয়া জশুয়া ডি সিলভাও বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে এলবিডব্লিউ হয়ে ১২ রান করে ফেরেন তিনি। শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পাওয়া তাসকিন শুরু থেকেই কার্যকর বোলিং করছেন।
তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিষিক্ত ব্যাটার কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। দুজনের ১০৪ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
মধ্যাহ্নভোজের বিরতিতে আমির জাঙ্গু ৫৪ বলে ৩২ এবং কেভিন উইকহ্যাম ৬০ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।
সিলেটের কন্ডিশনে সাধারণত তিন পেসার নিয়ে খেললেও এই টেস্টে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।