হামজা বাহিনীর উল্লাস
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের হয়ে গোল করেছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে পাকিস্তান। অন্যদিকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে, সেমিফাইনালে উঠেছে ভুটান।
বুধবার (১১ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে হামজা চৌধুরীর ক্রস থেকে পাওয়া বলে প্রথম শট ফিরলেও ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন শমিত সোম।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ৪৪ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো বল পেয়ে জোরালো শটে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করেন তিনি।
বিরতির পর ৫৩ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করেন ফারহান আলী ওয়াহিদ। শমিতের কাছ থেকে বল পেয়ে শ্রীলঙ্কার ছয় ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান তিনি। বাংলাদেশের হয়ে দেশের মাটিতে এটি তাঁর প্রথম গোল এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয়।
ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে শমিতের পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-০ করেন রাকিব হোসেন।
এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নামেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে এটি তাঁর পঞ্চম গোল। শমিত সোমও শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন।
বাংলাদেশের সাদ উদ্দিন ম্যাচের শেষ দিকে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন। ম্যাচের শেষ মুহূর্তে শ্রীলঙ্কার দুটি আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ হৃদয়।
আগামী ১৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।