নকিয়ার পরিচিত নকশার আদলে নতুন ফিচার ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে এইচএমডি গ্লোবাল। এইচএমডি ২৩২০ ফ্লিপ ফোর-জি নামের ফোনটিতে ডুয়াল ডিসপ্লে ও ফোর-জি সংযোগসহ বেশ কিছু আধুনিক সুবিধা থাকতে পারে।
প্রযুক্তিবিষয়ক তথ্য ফাঁসকারী (টিপস্টার) স্ম্যাশএক্স সিক্সটি নতুন ফোনটির সম্ভাব্য ফিচার ও তথ্য সামনে এনেছেন। সম্প্রতি বাজারে আসা নকিয়া ২৩৬০ ফ্লিপের সঙ্গে এর নকশার মিল রয়েছে। তবে নেটওয়ার্ক সুবিধায় বড় পরিবর্তন থাকছে।
নকিয়া ২৩৬০ ফ্লিপে শুধু টু-জি জিএসএম নেটওয়ার্ক সমর্থন থাকলেও নতুন এইচএমডি ফোনে ফোর-জি এলটিই ক্যাটাগরি-৪ সংযোগ পাওয়া যেতে পারে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ইউনিসক টি৫১২৭ চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এতে থাকতে পারে ৬৪ মেগাবাইট র্যাম ও ১২৮ মেগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ব্যাটারি হিসেবে থাকছে ১ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ধারণক্ষমতা। চার্জ দেওয়ার জন্য থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট।
নিরাপত্তা ও যোগাযোগের সুবিধার মধ্যে থাকতে পারে এসওএস সাপোর্ট, পুশ-টু-টক এবং জিপিএসের মাধ্যমে রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকিং। পাশাপাশি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ও ব্লুটুথ ৫ সংস্করণ থাকার কথাও জানা গেছে।
এছাড়া ফোনটিতে এফএম রেডিও, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং হিয়ারিং এইড সুবিধা থাকতে পারে।
তবে ফোনটির বাজারে আসার নির্দিষ্ট সময়, দাম ও পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।