এআই এজেন্ট ব্যবহার শুরু করবেন যেভাবে, বেছে নেবেন সঠিক টুল

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 01:11 pm
এআই এজেন্ট ব্যবহার শুরু করবেন যেভাবে, বেছে নেবেন সঠিক টুল

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্ট এখন প্রযুক্তি খাতের বাইরেও জনপ্রিয় হয়ে উঠছে। এসব টুল ব্যবহারকারীর ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন কাজ নিজে থেকে সম্পন্ন করতে পারে। তবে কোন এজেন্ট কোন কাজে ভালো এবং কতটুকু ব্যক্তিগত তথ্য শেয়ার করা নিরাপদ—তা নিয়ে অনেকেরই দ্বিধা রয়েছে।

সাধারণ এআই চ্যাটবটের সঙ্গে এজেন্টের পার্থক্য হলো, এজেন্ট শুধু প্রশ্নের উত্তর দেয় না। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী সময়সূচি সাজানো, ইমেইল লেখা, ভ্রমণ বুকিং কিংবা অনলাইনে কেনাকাটার মতো কাজও করতে পারে।

একটির বদলে একাধিক এজেন্ট ব্যবহার

বিশেষজ্ঞদের পরামর্শ, সব কাজের জন্য একটি এজেন্টের ওপর নির্ভর না করে একাধিক টুল ব্যবহার করা যেতে পারে। কারণ, প্রতিটি এজেন্টের আলাদা সক্ষমতা ও সীমাবদ্ধতা রয়েছে। এক এজেন্টের কাজ অন্যটি দিয়ে যাচাই করালে ভুল শনাক্ত ও সংশোধন করা সহজ হতে পারে।

ব্যবসা শুরু বা পার্শ্ব উদ্যোগ পরিচালনার কাজে ক্লড ডুয়েট, প্রযুক্তিগত সমস্যা সমাধানে ডটস এবং ইমেইল লেখা বা ভ্রমণ বুকিংয়ের মতো নিয়মিত কাজে ইনস্টিংক্ট ব্যবহারের পরামর্শ দিয়েছেন ব্যবসায়িক পরামর্শক হোসে আর্টিগাস। নতুন ব্যবহারকারীদের জন্য মেটার মিউজ সহজ হতে পারে বলেও তিনি মনে করেন।

তবে কোনো একটি টুলকে নির্দিষ্ট কাজের মধ্যেই সীমাবদ্ধ ভাবার প্রয়োজন নেই। ব্যবহারকারীর প্রয়োজন ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে একই এজেন্ট নানা কাজে সহায়তা করতে পারে।

ছোট ও পুনরাবৃত্ত কাজ দিয়ে শুরু

এআই এজেন্ট ব্যবহারের শুরুতে এমন একটি অনলাইন কাজ বেছে নেওয়া ভালো, যা নিয়মিত করতে হয় এবং সময়সাপেক্ষ। যেমন—দীর্ঘ ইমেইল লেখা, ভ্রমণের বুকিং বা বারবার করতে হয় এমন প্রশাসনিক কাজ।

ওউদায়ে ল্যাবসের প্রতিষ্ঠাতা ক্লারা গিগলিংয়ের পরামর্শ, এজেন্টকে কাজ দেওয়ার সময় লক্ষ্য, প্রয়োজনীয় তথ্য এবং স্পষ্ট নির্দেশনা দিতে হবে। নির্দেশনা যত নির্দিষ্ট হবে, কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।

ব্যবহারকারীরা কয়েকটি এজেন্ট পরীক্ষা করে দেখতে পারেন—কোনটির সঙ্গে কাজ করা সহজ, কোনটি ভালো ফল দেয় এবং কোনটির যোগাযোগের ধরন তাঁদের পছন্দের সঙ্গে মেলে।

ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কতা

ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতে এআই এজেন্টকে ইমেইল, ক্যালেন্ডার, পরিচয়সংক্রান্ত তথ্য কিংবা আর্থিক হিসাবের মতো সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার দিতে হতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অনেক প্রতিষ্ঠান তাদের গোপনীয়তা নীতিতে তথ্য ব্যবহারের পদ্ধতি, ক্লাউডভিত্তিক কার্যক্রম এবং স্মৃতি সংরক্ষণের নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। তবু বিশেষজ্ঞরা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে তাই প্রথমে সীমিত ও কম ঝুঁকির কাজ দিয়ে শুরু করা, ফলাফল যাচাই করা এবং প্রয়োজন অনুযায়ী প্রবেশাধিকার দেওয়াই নিরাপদ পদ্ধতি।