নিজের চেহারা-কণ্ঠস্বরেই এআই ভিডিও বানানোর সুযোগ দিল জেমিনাই

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 02:11 pm
নিজের চেহারা-কণ্ঠস্বরেই এআই ভিডিও বানানোর সুযোগ দিল জেমিনাই

সংগৃহীত

নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে ডিজিটাল প্রতিরূপ বা এআই অ্যাভাটার তৈরির সুবিধা চালু করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনাই। নতুন এ সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের অ্যাভাটার দিয়ে ছবি ও ভিডিও তৈরি করতে পারবেন। প্রতিবার নতুন করে ভিডিও ধারণের প্রয়োজন হবে না।

জেমিনাই অ্যাপের নতুন ‘পারসোনাল অ্যাভাটার’ সুবিধার মাধ্যমে নিজের চেহারা ও কণ্ঠস্বরের আদলে ডিজিটাল প্রতিরূপ তৈরি করা যাবে। তৈরি করা অ্যাভাটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও বানানো সম্ভব হবে।

এ সুবিধার আরেকটি দিক হলো, নিজের অ্যাভাটার অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। তবে কারা অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন ব্যবহার করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন এর মালিক।

গুগলের তথ্যমতে, অ্যাভাটার তৈরির জন্য প্রথমে নিজের চেহারার ছবি তুলতে হবে এবং কণ্ঠস্বর ধারণ করতে হবে। কম্পিউটার থেকে প্রক্রিয়াটি শুরু করলে জেমিনাই একটি কিউআর কোড দেখাবে। স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে কোডটি স্ক্যান করে ফোনে কণ্ঠস্বর ধারণ করতে হবে। এরপর জেমিনাই অ্যাভাটার তৈরি করবে।

তবে ব্যক্তিগত অ্যাভাটার ব্যবহার করে ভিডিও তৈরির জন্য গুগল এআই প্ল্যান প্রয়োজন হবে।

অন্য কাউকে অ্যাভাটার ব্যবহারের সুযোগ দিতে হলে তাঁর জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠাতে হবে। আমন্ত্রণ গ্রহণ করলে তিনি নিজের তৈরি এআই কনটেন্টে ওই অ্যাভাটার ব্যবহার করতে পারবেন।

জেমিনাইয়ের সেটিংস থেকে অ্যাভাটার ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণ করা যাবে। নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়ার পাশাপাশি যেকোনো সময় তা বাতিলও করা যাবে। অনুমতি বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে ওই অ্যাভাটার দিয়ে ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন না। তবে আগে তৈরি করা ছবি ও ভিডিও অক্ষত থাকবে।