নেপালের বিপক্ষে আটকে গেছে বাংলাদেশ

BD REPORT
Admin User 16 May 2026 05:05 pm
নেপালের বিপক্ষে আটকে গেছে বাংলাদেশ

টপ অ্যান্ড টি-২০ সিরিজে নেপালের বিপক্ষে ঝড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ ও জিসান আলম ৬.৩ ওভারে ৬০ রান তুলে ফেলেন। ঝড়ো ব্যাটিং করে জিসান ১২.২ ওভারে দলের রান একশ’ ছাড়িয়ে আউট হন। তারপরও নেপালের মতো দলের বিপক্ষে ৬ উইকেটে ১৮৬ রানে আটকে গেছে জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলা বাংলাদেশ ‘এ’।

নর্দান অস্ট্রেলিয়ার ডারউইনে শনিবারের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬০ রানের জুটি দিয়ে ওপেনার নাঈম শেখ ফিরে যান। তিনি ১৮ বলে দুই চার ও এক ছক্কায় ২৫ রান করেন। অন্য ওপেনার জিসান আলম দলের পক্ষে সর্বাধিক ৭৩ রান করেন। ৪৬ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজান তিনি।

পরে চারে নামা আফিফ হোসেন ঝড়ো ব্যাটিং করলেও নুরুল হাসান-মাহিদুল অঙ্কনরা ব্যর্থ হওয়ায় বড় রান করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। তিনে নামা সাইফ হাসান এদিন ১১ বলে ১১ রান করে আউট হন। আফিফ ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। তিনি নয়টি চারের শট মারেন। নুরুল হাসান স্লগে ৫ বল খেলে মাত্র ১১ রান করে সাজঘরে ফিরে যান। মাহিদুল ৭ বলে তুলতে পারেন ৭ রান। তোফায়েল আহমেদ ৪ বলে ৫ রান করেন।

নেপালের হয়ে ভালো বোলিং করেছেন দুই স্পিনার সন্দীপ লামিচানে ও দিপেন্দ্র সিং। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা সম্পন্ন লেগ স্পিনার সন্দীপ ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। দিপেন্দ্র ৩ ওভারে দেন ২২ রান। পেসার রিজান ধাকাল ৩ ওভারে ৩৪ রান দিয়ে ২টি এবং কারান কেসি ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১ উইকেট। নন্দন যাদব ৪ ওভারে ৩৮ রান খরচায় ১ উইকেট পান।

Tags: