দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৭ বছর পর নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 07:11 pm
দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৭ বছর পর নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। এর আগে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান করেছিল দলটি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে কোনো সফরকারী দলের ৪০০ বা তার বেশি রান করার ঘটনা ঘটল ১৭ বছরেরও বেশি সময় পর। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো উপমহাদেশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৯৬ রান। ২০২০-২১ মৌসুমে সেঞ্চুরিয়নে এই রান করেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল বাংলাদেশ।

এই ইনিংসে তাওহীদ হৃদয় ১৩৭ রান করেন। তাঁর সঙ্গে ষষ্ঠ উইকেটে লিটন দাসের ২০৬ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। দ্বিতীয় দিন লিটন ১২০ রানের ইনিংস খেলেন। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামেও বাংলাদেশের এই সংগ্রহ তাৎপর্যপূর্ণ। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কোনো দল হারেনি। এমন সংগ্রহের পর সাতটি ম্যাচ ড্র হয়েছে এবং ১২টি ম্যাচে জয় পেয়েছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল।