অপুষ্টি ও স্বাস্থ্য অবহেলায় বাড়ছে নারীদের রক্তস্বল্পতা

BD REPORT
বিডি-রিপোর্ট 17 Nov 2026 10:11 pm
অপুষ্টি ও স্বাস্থ্য অবহেলায় বাড়ছে নারীদের রক্তস্বল্পতা

সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা নারীদের ৭৭ দশমিক ৯ শতাংশ রক্তস্বল্পতায় আক্রান্ত। পুরুষদের ক্ষেত্রে এ হার ৩৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ পুরুষের তুলনায় নারীদের মধ্যে রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার হার প্রায় দ্বিগুণ। বিশেষ করে মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় নারীদের আপেক্ষিক ঝুঁকি পুরুষের তুলনায় ১১ দশমিক ৫৩ গুণ বেশি।

আন্তর্জাতিক সাময়িকী ‘হেলথ সায়েন্স রিপোর্টস’-এ গত ১০ অক্টোবর প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় নারী-পুরুষ মিলিয়ে হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া ৪৫৯ জনের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশের রক্তস্বল্পতা শনাক্ত হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ শতাংশের মৃদু, ২৯ দশমিক ৬ শতাংশের মাঝারি এবং ২ দশমিক ৬ শতাংশের তীব্র রক্তস্বল্পতা পাওয়া গেছে। অর্থাৎ আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মাঝারি থেকে তীব্র মাত্রার রক্তস্বল্পতায় ভুগছেন।

গবেষণার ফলাফল অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের মৃদু রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার আপেক্ষিক ঝুঁকি ২ দশমিক ৫১ গুণ। মাঝারি মাত্রার রক্তস্বল্পতার ক্ষেত্রে এ ঝুঁকি ১১ দশমিক ৫৩ গুণ। তীব্র রক্তস্বল্পতার ক্ষেত্রেও নারীদের ঝুঁকি বেশি পাওয়া গেছে। তবে এ পর্যায়ের রোগীর সংখ্যা কম হওয়ায় ঝুঁকির হিসাবটিতে অনিশ্চয়তা তুলনামূলক বেশি।

গবেষণাকালে চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা ২ হাজার ১১৮ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিবেচনায় নেওয়া হয়। তবে হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া ৪৫৯ জনকে চূড়ান্ত বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ২৩৫ জন নারী ও ২২৪ জন পুরুষ।

গবেষণায় আরও দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় কম ওজনের মানুষের মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৪২ গুণ বেশি। গবেষকদের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে রক্তস্বল্পতা প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের ঝুঁকির পার্থক্যকে গুরুত্ব দিতে হবে।

কেন নারীদের ঝুঁকি বেশি

মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের সময় পুষ্টির বাড়তি চাহিদা পূরণে ঘাটতি নারীদের রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ায়। এর সঙ্গে যুক্ত হয়েছে অল্প বয়সে বিয়ে ও মাতৃত্ব। পরিবারের অন্য সদস্যদের তুলনায় নিজের খাবার ও স্বাস্থ্যের প্রতি নারীদের কম মনোযোগ দেওয়ার প্রবণতাও এ সমস্যাকে বাড়িয়ে তুলছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহবুবা জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের নারীদের রক্তস্বল্পতার অন্যতম কারণ অপুষ্টি, বাল্যবিয়ে ও অল্প বয়সে মাতৃত্ব। কম বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে শরীরে পুষ্টির চাহিদা বেড়ে যায়। কিন্তু সেই চাহিদা অনুযায়ী আয়রন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার না পাওয়ায় রক্তস্বল্পতার ঝুঁকি তৈরি হয়।

তিনি বলেন, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতার অভাবও এ সমস্যা বাড়িয়ে তুলছে। মাছ, মাংস ও ডিমের পাশাপাশি স্থানীয়ভাবে পাওয়া শাকসবজি, পেঁপে ও কলার মতো খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পুষ্টিকর খাবার মানেই দামি বা ব্যয়বহুল খাদ্যসামগ্রী নয়।

নারীদের নিজেদের খাবারের প্রতিও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেক পরিবারে ভালো খাবার সন্তান, স্বামী কিংবা অন্য সদস্যদের জন্য রাখা হলেও নারীরা নিজেরা প্রয়োজনীয় খাবার গ্রহণ করেন না। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

তবে গবেষণায় পাওয়া রক্তস্বল্পতার হার দেশের সব অঞ্চলের নারীদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয় বলে সতর্ক করেন এই বিশেষজ্ঞ। দীর্ঘমেয়াদি রোগ, সংক্রমণ কিংবা বংশগত কারণেও রক্তস্বল্পতা হতে পারে। তাই প্রত্যেকের ক্ষেত্রে এর কারণ আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

খাবারে বৈষম্য ও স্বাস্থ্য অবহেলা

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে পুষ্টিকর খাবার ও নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। পরিবারের অন্য সদস্যদের খাবারের বিষয়ে তাঁরা যতটা গুরুত্ব দেন, নিজের ক্ষেত্রে ততটা দেন না। অনেক মা সন্তান, স্বামী কিংবা পরিবারের অন্যদের ভালো খাবার দিতে গিয়ে নিজেদের প্রয়োজনের কথা ভুলে যান।

তিনি বলেন, নারীরা অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের পরামর্শ নিতে চান না। বিশেষ করে কৈশোরে মাসিকসংক্রান্ত সমস্যা দেখা দিলে লজ্জা বা সংকোচের কারণে অনেকে তা গোপন করেন। সময়মতো চিকিৎসা না নেওয়ায় পরবর্তী সময়ে নানা শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

পরিবারের মধ্যেও ছেলে ও মেয়ের খাবার গ্রহণে বৈষম্য দেখা যায় বলে মন্তব্য করেন এ বিশেষজ্ঞ। একই পরিবারে ছেলে ও মেয়ে থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে ছেলেকে তুলনামূলক ভালো খাবার দেওয়া হয়, মেয়ের পুষ্টির বিষয়টি উপেক্ষিত থাকে। এ ধরনের বৈষম্য বন্ধ করা জরুরি।

রক্তস্বল্পতা প্রতিরোধে নারী ও কিশোরীদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি ও আয়রনসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখতে হবে। পাশাপাশি আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত ফল গ্রহণ করলে শরীরে আয়রন শোষণে সহায়তা করে।

কিশোরীদের পুষ্টি ও প্রজননস্বাস্থ্য নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন অধ্যাপক ডা. আবদুল্লাহ। তাঁর মতে, বাল্যবিয়ে প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব এবং এক সন্তান জন্মের পর পরবর্তী সন্তান নেওয়ার আগে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করা প্রয়োজন।

সব রক্তস্বল্পতার কারণ আয়রনের ঘাটতি নয়

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে রক্তস্বল্পতা বলা হয়। শরীরে আয়রনের ঘাটতি এর অন্যতম পরিচিত কারণ হলেও সব ক্ষেত্রে একই কারণ কাজ করে না। আয়রনের পাশাপাশি ভিটামিন বি১২-এর ঘাটতি, দীর্ঘস্থায়ী প্রদাহ, বিভিন্ন সংক্রমণ এবং বংশগত রক্তরোগ থেকেও এ সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদি কিছু রোগও রক্তস্বল্পতার কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রক্তস্বল্পতা হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট গ্রহণ করা উচিত নয়। প্রথমে এর প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি। এ জন্য হিমোগ্লোবিন ও ফেরিটিনসহ প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকর্মী ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার মাধ্যমে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাঝারি ও তীব্র রক্তস্বল্পতায় আক্রান্ত নারীদের দ্রুত উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও জরুরি।