ডাকঘরের সব সেবা ডিজিটাল হচ্ছে, শেষ হবে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

BD REPORT
বিডি-রিপোর্ট 17 Nov 2026 08:11 pm
ডাকঘরের সব সেবা ডিজিটাল হচ্ছে, শেষ হবে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

সংরক্ষিত ছবি

দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে এ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মাধ্যমে ডাক বিভাগের আর্থিক সেবা আধুনিকায়ন, জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল তৈরি এবং ‘আমার ডাক’ অ্যাপ ও ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে সেবাগুলো ডিজিটাইজড করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তর এবং ডাক বিভাগের কার্যক্রম গতিশীল করতে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এর মধ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ নামে একটি কারিগরি প্রকল্প চলছে। অন্যদিকে, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ প্রকল্প।

যেসব সেবা ডিজিটাল হবে

মন্ত্রী জানান, প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থা আরও যুগোপযোগী ও সহজ করা হচ্ছে।

দ্বিতীয় প্রকল্পের আওতায় জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল তৈরি করা হবে। পাশাপাশি ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘পোস্টাল রুরাল ট্রেড অ্যান্ড কমার্স মডেল’ বা ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাক বিভাগের প্রতিটি সেবা ডিজিটাইজড করার পরিকল্পনা রয়েছে।

গ্রামেও মিলবে ডিজিটাল ডাকসেবা

মন্ত্রী বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরিত হবে। এর ফলে গ্রামীণ জনপদসহ সারা দেশের মানুষ নিরাপদ ডিজিটাল ডাকসেবা গ্রহণের সুযোগ পাবেন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের প্রচলিত সেবার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার নাগরিকদের কাছে ডাক ও আর্থিক সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্রকল্প দুটির।