গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-ভাঙচুর, বিকালে স্বাভাবিক দুই মহাসড়ক

BD REPORT
বিডি-রিপোর্ট 17 Nov 2026 09:11 pm
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-ভাঙচুর, বিকালে স্বাভাবিক দুই মহাসড়ক

গাজীপুর শ্রমিক বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে কয়েকটি স্থানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবারের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েকটি স্থানে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকে।

দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকেরা সদর উপজেলার ভবানীপুর থেকে মিছিল বের করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ভাঙচুরের আশঙ্কায় মালিকপক্ষ ৭০টি কারখানায় মঙ্গলবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

বিকাল ৩টার দিকে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিকাল পৌনে ৫টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী, শিরিরচালা ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের জেরে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুরের বাঘের বাজার এলাকায় দায়িত্ব পালনকারী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ করেছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।