রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার পরিবার পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকত। একই ভবনের অন্য ফ্ল্যাটে থাকতেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল ও তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানাকে মৃত্যুদণ্ড এবং স্বপ্না খাতুনকেও একই সাজা দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায় ঘোষণা করা হয়েছিল। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দুই আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক আপিল করেন।
সেসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং স্বপ্নাকে খালাস দেন।