শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। তাঁর বাবার করা আইনেই তাঁর বিচার নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কোনো চাপে নেই জানিয়ে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভারত সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করছে না বাংলাদেশ। পলাতক শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারত সরকার কোনো শর্ত দেবে বলেও মনে করেন না তিনি।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলেও জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। তবে অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। আপাতত গঙ্গা পানি চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। এ চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলেও জানান তথ্য উপদেষ্টা।
দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর বিষয়েও কথা বলেন ডা. জাহেদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে আরও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সুস্থ ধারায় যাত্রাপালা ও সার্কাস আয়োজনের ক্ষেত্রে বাধা নেই। তবে এসব আয়োজনের নামে কোনো অশ্লীলতা চলতে দেওয়া হবে না।