কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী নেতা ভাসানীকে স্মরণ

BD REPORT
বিডি-রিপোর্ট 17 Nov 2026 10:11 pm
কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী নেতা ভাসানীকে স্মরণ

সংগৃহীত

আজ ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কৃষক, শ্রমিক, মেহনতি ও অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণ করছে দেশবাসী।

দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাঁর অনুসারীরা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে স্থায়ী আসন দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও এক বাণীতে মজলুম জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে। দলটির পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষে মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ আয়োজন করা হয়েছে। ১৭ নভেম্বর এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। কৈশোর থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা।

পরবর্তী সময়ে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন এবং শোষণ-বৈষম্যের প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের আন্দোলনেও নেতৃত্ব দেন।

১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বাধীনতার পরও সাধারণ মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহির দাবিতে সোচ্চার ছিলেন মওলানা ভাসানী। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি ব্যাপক আলোচিত হয়।