আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রস্তুতি সভায় টার্মিনালের প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনেরা নিজেদের মতামত তুলে ধরেন এবং কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করেন।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব শেষ করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।