সম্পাদিত ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানান জিয়াউল আহসান। প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশের এক সদস্য হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানান। পরে হাতকড়া ছাড়াই তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলার পর পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জিয়াউল আহসান বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’
শুনানি শেষে বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরানো হয়। আসামিপক্ষের শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
মামলায় মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা মামলার দুটি অভিযোগের অন্তর্ভুক্ত।
এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।