ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 10:11 am
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের সরিয়ে দিল পুলিশ

সংগৃহীত

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে রোববার আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকেরা সকালে পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।