হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মাহদী হাসান জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তাঁর চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। ফেসবুক লাইভে মাহদী পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করলেও ঘটনাস্থলে এর কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর দাবি, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি।