স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর এনজিওগ্রাম করা হয়। এখন এনজিওপ্লাস্টির মাধ্যমে হৃদ্যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর পরিকল্পনা রয়েছে। পরিবারের একজন সদস্য স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ওই সদস্য জানান, এনজিওগ্রামে তিনটি ব্লক ধরা পড়ার পর এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেন্ট বসানোর প্রস্তুতিও চলছে।
তিনি আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে এনজিওগ্রাম করা হয়েছে।