গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিল, মহড়া ও ভাঙচুরের ঘটনার পর জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দাঙ্গা নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পুলিশের ব্যারিকেড ভেঙে সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তাঁরা। এ সময় একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।
বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও এফএনএফ সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ রাখা হয়েছিল।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানার লাগানো হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
দুপুর ১টার দিকে মিছিলকারীরা শহর ছাড়তে শুরু করেন। বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। খুলতে শুরু করে দোকানপাট। রিকশা ও ভ্যান চলাচলও শুরু হয়।
বিজিবি সদর দপ্তরের বার্তায় জানানো হয়, এর আগে রোববার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সোমবার তা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে।
মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের বড় একটি অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।
এদিকে আওয়ামী লীগ সমর্থকদের মিছিল ও ভাঙচুরের ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার প্রতুষে কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে। জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।