থানা পুনর্নির্মাণ থেকে ড্রোন, নিরাপত্তা খাতে বড় পরিকল্পনা
সংগৃহীত
দেশের অভ্যন্তরীণ ও জননিরাপত্তা কাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এসব উদ্যোগের মূল লক্ষ্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামো আধুনিকায়ন, নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামো উন্নয়নসংক্রান্ত।
চলমান প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ১১০ কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে সংশোধিত এডিপির আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পের সুফল ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে পাওয়ার আশা করছে সরকার। প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। নজরদারি ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি ১৩টি উচ্চগতির বোট কেনার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা তৈরির পরিকল্পনা করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। খুলনা, রংপুর ও ময়মনসিংহে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নে ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ঐতিহাসিক পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণ এবং আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করছে।