চট্টগ্রাম বন্দরে অটোমেশনভিত্তিক পঞ্চম প্রজন্মের (৫-জি) স্মার্ট পোর্ট সেবা চালুর সম্ভাব্যতা যাচাই করতে চুক্তি করেছে রবি আজিয়াটা পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও এক্সেনটেকের মধ্যে রোববার (১০ আগস্ট) দুপুরে সিপিএ কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চুক্তিতে সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুনিরুজ্জামান এবং এক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় এক্সেনটেক বন্দরের জন্য ৫-জি ভিত্তিক প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ, স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল, টেস্টিং ল্যাব অটোমেশন এবং যানবাহন ও গ্যান্ট্রি ক্রেন স্মার্টভাবে পরিচালনার মতো সেবার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তার ক্ষেত্র চিহ্নিত করা হবে।
এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, 'এন্টারপ্রাইজ পর্যায়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রবি’র ৫-জি ভিত্তিক সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম বন্দরের সঙ্গে এ চুক্তি আমাদের ৫-জি অগ্রযাত্রায় একটি মাইলফলক।'
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. আশরাফুল কবির, এক্সেনটেকের চিফ কমার্শিয়াল অফিসার আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিরেক্টর-করপোরেট বিজনেস মো. আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।