১৫০ বছর বাঁচার সম্ভাবনা খুঁজছে পুতিন, গবেষণায় ৭ হাজার বয়স্ক বানর
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মিত্র মিখাইল কোভালচুক
মানুষের আয়ুষ্কাল বাড়ানোর উপায় খুঁজতে বানরের ওপর গবেষণা শুরু করেছে রাশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান। বয়স্ক বানরের শারীরিক ও মস্তিষ্কের বিভিন্ন দিক বিশ্লেষণ করে বার্ধক্যের প্রক্রিয়া বুঝতে চাইছেন গবেষকেরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও দেশটির প্রধান বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের প্রধান মিখাইল কোভালচুক এ তথ্য জানিয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, মস্কোয় আয়োজিত ‘কুর্চাতভ জিনোমিক ফোরাম’-এ কোভালচুক বলেন, বার্ধক্যের প্রতিটি ধাপ পর্যবেক্ষণের জন্য বয়স্ক বানরদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হচ্ছে। এ গবেষণায় ৭ হাজারের বেশি প্রাইমেট রয়েছে। এর মধ্যে ২০ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরের একটি বিশেষ দলও অন্তর্ভুক্ত।
কোভালচুক জানান, মস্কোভিত্তিক কুর্চাতভ ইনস্টিটিউটের গবেষকেরা ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী এসব প্রাণীর বায়োকেমিক্যাল অবস্থা, শারীরিক গঠন, রক্তনালি ও মস্তিষ্ক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছেন।
গত মাসে ৭৪ বছরে পা রাখা পুতিন দীর্ঘদিন ধরেই মানুষের আয়ুষ্কাল বাড়ানোর গবেষণায় আগ্রহ দেখিয়ে আসছেন। ২০২৫ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তাঁকে আলোচনা করতে শোনা যায়।
ওই আলোচনায় পুতিন বলেছিলেন, অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তির উন্নতি মানুষকে আরও তরুণ করে তুলতে পারে। একসময় অমরত্ব অর্জনও সম্ভব হতে পারে। তাঁর ভাষায়, ‘যত বেশি দিন বাঁচবেন, ততই তরুণ হবেন।’
পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনেও দীর্ঘায়ু নিয়ে নিজের আগ্রহের কথা জানান পুতিন। তিনি বলেন, সম্ভবত ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। তবে তাঁর মতে, এত দীর্ঘ জীবনও যথেষ্ট নয়।
কোভালচুকের সঙ্গে পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জিনতত্ত্বসহ বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে তাঁকে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু ও অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। কোভালচুকের ভাই ইউরি কোভালচুকও পুতিনের দীর্ঘদিনের সহযোগী এবং ক্রেমলিনের প্রভাবশালী ব্যক্তিদের একজন।
এদিকে পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরোন্তসোভা গত অক্টোবরে মস্কোর স্কোলকোভো ম্যানেজমেন্ট স্কুলে দীর্ঘায়ু বিষয়ে একটি নতুন গবেষণাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট ও জেনেটিকস গবেষক মারিয়া সেখানে স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের আয়ুষ্কাল বাড়ানোর বিষয়ে কথা বলেন। তবে মানুষের স্বাভাবিক আয়ুষ্কালের প্রাকৃতিক সীমা অতিক্রমের প্রচেষ্টাকে তিনি ‘ঈশ্বর বা প্রকৃতির সঙ্গে প্রতারণার’ চেষ্টা বলে মন্তব্য করেন।
কুর্চাতভ ইনস্টিটিউট রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান। পারমাণবিক শক্তি, পদার্থবিজ্ঞান, জেনেটিক্স ও বায়োমেডিকেল প্রযুক্তি নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠানটি। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন মিখাইল কোভালচুক।