রাডার ও যোগাযোগ ত্রুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফের বিমান চলাচল

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 07:11 am
রাডার ও যোগাযোগ ত্রুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফের বিমান চলাচল

সংগৃহীত

রাডার ও যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার চার ঘণ্টার বেশি সময় পর তা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হয়।

এর আগে বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার, যোগাযোগব্যবস্থা ও বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিলে উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করা হয়।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি জানান, রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করায় এফএএ এ সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়েছিল। ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সমস্যা তৈরি হয়।

ডাফি জানান, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে আগের বিভ্রাটের প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আগামী কয়েক দিন বিমান চলাচলে এর প্রভাব থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো উল্লেখ করে ডাফি এটি আধুনিকায়নে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন।

এদিকে, দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, বিমান চলাচল বন্ধের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। সম্প্রতি মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এ বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিমান চলাচল বন্ধের নির্দেশের কারণে হাজার হাজার ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটে এবং বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তাঁর ফ্লাইট বাতিল হয়েছিল। পরদিন দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও ফ্লাইট বাতিল হয়।