যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ
সংগৃহীত
বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে যোগাযোগজনিত সমস্যা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মার্কিন পরিবহন সচিব শন ডাফি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শন ডাফি জানান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রযুক্তিবিদরা সমস্যাটি তদন্ত করছেন। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমান চলাচলে বিঘ্নের কারণে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন এ সংকট দেখা দিল। দীর্ঘদিন ধরে পুরোনো যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগ সমস্যা ও নিয়ন্ত্রকসংকটে ভুগছে দেশটির বিমান চলাচল খাত। এসব সমস্যা সমাধানে পুরোনো অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এফএএ।
গত বছর এ সংস্কারকাজে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেস। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার চেয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে এফএএর গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ার পর এটিই যুক্তরাষ্ট্রে প্রথম দেশব্যাপী বিমান চলাচল স্থগিতের ঘটনা। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল।
তবে বর্তমান স্থগিতাদেশ কখন প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি এফএএ।