ট্রাম্পের পর হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে ভ্যান্স, ডেমোক্র্যাটদের কারা

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
ট্রাম্পের পর হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে ভ্যান্স, ডেমোক্র্যাটদের কারা

ডোনাল্ড ট্রাম্পের পাশে জেডি ভ্যান্সপাশে

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর দুই প্রধান দলেই নেতৃত্ব ও প্রার্থী বাছাইয়ের হিসাব নতুন করে সামনে এসেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৭ নভেম্বর। তবে এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেনি। মধ্যবর্তী নির্বাচনের ফলের পর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগাম আলোচনা জোরালো হয়েছে।

ডেমোক্র্যাট শিবিরে আলোচনায় যারা

ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো। মধ্যবর্তী নির্বাচনে ২০ শতাংশ পয়েন্টের বেশি ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের চারটি আসনও রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় এ সাফল্য ২০২৮ সালের মনোনয়ন দৌড়ে তাঁকে এগিয়ে রাখতে পারে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন বাড়াতে তাঁর নেওয়া উদ্যোগ ভূমিকা রেখেছে। গভর্নর হিসেবে তাঁর মেয়াদ শেষের পথে।

জর্জিয়ার সিনেটর রাফায়েল ওয়ার্নক, সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগেগ, ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎসকার এবং কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ারও আলোচনায় রয়েছেন। ওয়ার্নক নির্বাচনের আগে ২০২৮ সালে একটি উচ্চ পদে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেটি সিনেট, নাকি প্রেসিডেন্ট পদ—তা স্পষ্ট করেননি।

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পর আবারও দলের মনোনয়ন চাইলে তাঁকে সমর্থকদের নতুন করে সংগঠিত করতে হবে। নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং জর্জিয়ার সিনেটর জন অসফও আলোচনায় আছেন। এ ছাড়া সাবেক রাষ্ট্রদূত ও শিকাগোর সাবেক মেয়র রাম ইমানুয়েলের নামও এসেছে।

রিপাবলিকান শিবিরে সম্ভাব্য প্রার্থী

রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর তিনি ইরান যুদ্ধকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত ভ্যান্সের জন্য দলকে আবার ঐক্যবদ্ধ করা সহজ হবে না।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও সম্ভাব্য প্রার্থী। মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডায় রিপাবলিকানরা নিজেদের অবস্থান ধরে রেখেছেন। গভর্নরের পদ ছাড়ার পর তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও সামনে আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও আলোচনায় রয়েছে। রিপাবলিকানদের একাংশের মধ্যে তাঁর জনপ্রিয়তা আছে। তবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাঁকে প্রশাসন ছাড়তে হবে। এছাড়া সিনেটর টেড ক্রুজ, আরকানসাসের গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স এবং রক্ষণশীল ধারাভাষ্যকার টাকার কার্লসনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরান যুদ্ধের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা এবং তাঁকে অভিশংসনের আলোচনা তাঁর সম্ভাবনাকে দুর্বল করতে পারে।

মধ্যবর্তী নির্বাচনের প্রভাব

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যেও ডেমোক্র্যাটরা ভালো ফল করেছেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার নতুন সম্ভাব্য পথ তৈরি হয়েছে দলটির সামনে।

অন্যদিকে রিপাবলিকানদের সামনে বড় চ্যালেঞ্জ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ভোটারদের আস্থা ফেরানো এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা আন্দোলনের সমর্থকদের ঐক্যবদ্ধ রাখা।

মধ্যবর্তী নির্বাচনের ফল থেকে ইঙ্গিত মিলেছে, মার্কিন ভোটাররা এমন নেতৃত্ব চান, যারা সমঝোতা ও একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। তবে ২০২৮ সালের নির্বাচনে শেষ পর্যন্ত কারা দলীয় মনোনয়ন পাবেন, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সমর্থনের ওপর।