জলবায়ু উদ্যোগ তুলে ধরতে কপ-৩১-এ বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
জলবায়ু উদ্যোগ তুলে ধরতে কপ-৩১-এ বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজ নেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়নে যান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন। প্রদর্শিত পণ্য, প্যাভিলিয়নের কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিষয়ে তাঁদের কাছে জানতে চান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান।