আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছয় বগি লাইনচ্যুত
কলকাতা-সাইরাং এক্সপ্রেস
ভারতের আসাম রাজ্যে কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে গুয়াহাটির উপকণ্ঠে দিগারু রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সকাল ৬টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মিজোরামের সাইরাং থেকে কলকাতাগামী ট্রেনটি দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ছয়টি বগি ও ইঞ্জিন রেললাইন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় উদ্ধার ও রেললাইন সচল করার কার্যক্রম। আহত যাত্রীদের সহায়তায় রেলওয়ে ও স্থানীয় প্রশাসন কাজ করছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিটে দিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
তবে দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতের সঠিক সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।