দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

BD REPORT
Admin User 13 Jul 2026 02:07 am
দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুজনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) দিবাগত রাত ২ টার পর বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিএসএফের হাতে আটক হওয়া ওই দুই বাংলাদেশি হলেন— মাহফুজ ইসলাম ইমন, তিনি ধবলসতি এলাকার বাসিন্দা এবং এসএসসি পরীক্ষার্থী। অপরজন ইমনের মামা সাজেদুল ইসলাম।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার আগে পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নং সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয়রা জানান, পাটগ্রামের ধবলসতি সীমান্তের ৮২৫ নং মেইন পিলার এলাকার সীমান্তে একটি চা বাগানে মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা সাজেদুলকে নিয়ে ছবি তুলতে গিয়েছিলেন ইমন। এ সময় বিএসএফের ২৫-৩০ জনের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এরপর পতাকা বৈঠকের মাধ্যমে আটক হওয়ার প্রায় আট ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়।

এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে পর বিএসএফের হেফাজতে থাকা দুজন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Tags: