৬ সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা

BD REPORT
বিডি রিপোর্ট 06 May 2026 09:05 am
৬ সিটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা

ছয় প্রশাসক: সংগৃহীত

সরকার দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। নতুন আদেশ অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।

নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন মো. আব্দুস সালাম, যিনি দায়িত্ব পালন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে; মো. শফিকুল ইসলাম খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে; নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনে; আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটে; মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এবং মো. শওকত হোসেন সরকার, গাজীপুর সিটি করপোরেশনে।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা ১ অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা ৩ অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।