সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর, লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

BD REPORT
Admin User 17 Jul 2026 10:07 am
সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর, লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তারা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা গাড়ি ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে।

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে ১০টির মতো গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিক্ষোভে অংশ নেয়া একজন শিক্ষার্থী বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

জানা গেছে, বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সচিবালয়ের সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের। কিন্তু একপর্যায়ে শিক্ষার্থীদের ধাক্কায় গেট খুলে যায় এবং তারা সচিবালয়ে প্রবেশ করেন।

Tags: