জুলাই সনদের খসড়ার মতামত দিয়েছে ২৩টি দল: ঐকমত্য কমিশন

BD REPORT
Admin User 16 Jul 2026 02:07 pm
জুলাই সনদের খসড়ার মতামত দিয়েছে ২৩টি দল: ঐকমত্য কমিশন

এখন পর্যন্ত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় ২৩টি দল মতামত দিয়েছে—এমন তথ্য জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার (২২ আগস্ট) কমিশন আরও জানায়, জুলাই সনদের ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ১৬ আগস্ট চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে দেয়া হয়। তাদের মতামত দিতে ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। তবে কয়েকটি দলের অনুরোধে আরও দুদিন সময় বাড়ানোর পর আজ (শুক্রবার, ২২ আগস্ট) ২৩টি দলের মতামতের তথ্য জানায় কমিশন।

এর আগে, প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন। তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে ভিন্নমত জানায় দলগুলো। জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেয়ার পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও একমত নয় দলটি।

বিএনপি চায়, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিএনপির বিপরীতে অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য চেয়েছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও সমর্থন করেছে দলটি। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, এ তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে তারা।

Tags: