বাইকের সামনে নম্বরপ্লেট লাগাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চায় বিআরটিএ
সংগৃহীত
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাসের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পূর্বনির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিআরটিএ চেয়ারম্যানের বিবেচ্যপত্রে বলা হয়েছে, দেশে নিবন্ধিত মোট ৬৮ লাখ যানবাহনের মধ্যে প্রায় ৫০ লাখই মোটরসাইকেল। মোট যানবাহনের প্রায় ৭৪ শতাংশ মোটরসাইকেল। এত বিপুলসংখ্যক বাইকে নির্ধারিত কারিগরি শর্ত মেনে অল্প সময়ে সামনের নম্বরপ্লেট লাগানো কঠিন। এ কারণে সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি ট্যাগযুক্ত ডিজিটাল নম্বরপ্লেট ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সাধারণ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। নম্বর লিখতে হবে এক লাইনে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
উভয় ধরনের প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। প্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো স্টিকার, নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় এসব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে। প্রস্তাবিত সময়সীমা অনুযায়ী, ৩১ ডিসেম্বরের মধ্যে নম্বরপ্লেট না লাগালে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা ও জরিমানা করা হবে।