বাঁশখালীতে বাবা ও ৭ মাসের যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 08:11 am
বাঁশখালীতে বাবা ও ৭ মাসের যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার

সংরক্ষিত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত জাহেদ হোসেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তাঁর বাড়ি উপজেলার চাম্বল গ্রামে। তবে গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক।

জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, তিনি ও তাঁর মা ভিলেজার পাড়া মসজিদে মান্নত দিতে যান। জাহেদ নিজেই শিশুদের দেখাশোনা করবেন বলায় তিনি দুই শিশুর জন্য দুধ তৈরি করে বাড়ি থেকে বের হন। বিকেলে ফোন করে সাড়া না পেয়ে বাড়িতে ফিরে প্রধান ফটক ও ঘরের দরজা বন্ধ পান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, কক্ষটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় জাহেদ এবং খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওনার কথা লেখা রয়েছে। চিরকুটটি জাহেদের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।