নগরের হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানা যায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, বিস্ফোরণের পরপরই ফ্ল্যাটটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, 'ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত গ্যাস সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায়। পরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে।'
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক ব্যক্তির শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের শরীরের প্রায় ৮০ শতাংশ, আরেকজনের ৪৫ শতাংশ এবং বাকিদের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, 'দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চেষ্টা করছি।'