পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা দমনে ‘অপারেশন উত্তরণ’ চলছে

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 09:11 am
পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা দমনে ‘অপারেশন উত্তরণ’ চলছে

সংরক্ষিত ছবি

শেষ পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩৭২টি হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৯০ জন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আহতদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য জেলাগুলোতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ওপর ৮১টি হামলা চালিয়েছে। এ ছাড়া সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে ৯৭টি।

একই সময়ে পার্বত্য অঞ্চলে ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখা ও সশস্ত্র তৎপরতা দমনে বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি জানান, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন গোষ্ঠীর শত শত সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম, ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সংসদে সম্পূরক প্রশ্নে এস এ জিন্নাহ কবীর পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র হামলার সঙ্গে দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানতে চান। একই সঙ্গে পার্বত্য তিন জেলাকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলামও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র থাকা, সেনা ক্যাম্পে হামলা এবং সম্ভাব্য বিদেশি মদদ নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাঙামাটির সাজেক ভ্যালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন। পর্যটন মৌসুমের আগে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই অভ্যন্তরীণ বিরোধ দেখা দেয়। এ সময় তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তবে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।