ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ১০ মাস পার হলেও সংসদ সদস্য পাননি চট্টগ্রাম-৪ আসনের মানুষ। সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের বসবাস। তবে নির্বাচনের ফল ও প্রার্থিতা নিয়ে আইনি জটিলতায় এখনো জনপ্রতিনিধি পাচ্ছেন না তাঁরা।
এতে এলাকার উন্নয়ন, অবকাঠামোগত সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কবে নাগাদ আসনটিতে সংসদ সদস্য পাওয়া যাবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না নির্বাচন কর্মকর্তারাও।
আসনে ভোটার ৪ লাখ ৪৮ হাজার
চট্টগ্রাম-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, সীতাকুণ্ড উপজেলার জনসংখ্যা চার লাখের বেশি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে জনসংখ্যা দুই লাখের বেশি। সব মিলিয়ে ভোটার, শিশু ও অপ্রাপ্তবয়স্কসহ আসনটির জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ।
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮৯ হাজার ২৬৮ ভোট।
তবে ঋণখেলাপি হওয়ার অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন আনোয়ার সিদ্দিকী। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাঁর লিভ টু আপিল মঞ্জুর করেন। আদালত জানান, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনের ফল প্রকাশ স্থগিত থাকবে।
পরে ৩১ মার্চ আনোয়ার সিদ্দিকী পৃথক আপিল করেন। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংকও আপিল করে।
গত ৩০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় দেন।
এখন কী হবে, সিদ্ধান্তের অপেক্ষা
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর আসনটিতে নতুন নির্বাচন হবে, নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—এ নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, 'অযোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় তাঁর জয়ও আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণত কোনো আসনে প্রথম হওয়া প্রার্থী অযোগ্য হলে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত জানা যাবে।'
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, 'নতুন নির্বাচন হলে আসলাম চৌধুরীর অংশ নিতে বাধা থাকবে না। আগের নির্বাচনে যে কারণে প্রার্থিতা বাতিল হয়েছে। পরবর্তী নির্বাচনে সেই অযোগ্যতা কাটিয়ে উঠলে প্রার্থী হতে আইনগত বাধা থাকার কথা নয়।'
জনপ্রতিনিধি না থাকায় ক্ষোভ স্থানীয় বিএনপির
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর বলেন, 'আসলাম চৌধুরী বিপুল ভোটে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। ফলে দীর্ঘদিন ধরে আসনটি জনপ্রতিনিধিশূন্য রয়েছে। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ব্যবসা করতে পারেননি এবং দীর্ঘদিন কারাভোগ করেছেন। তাই আসলাম চৌধুরীকে সুযোগ দেওয়া প্রয়োজন।'
কমল কদর আরও বলেন, 'এলাকার মানুষ অনেক আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছেন। কিন্তু সংসদে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়নি। নির্বাচন হবে কি না, সে বিষয়েও নির্বাচন কমিশন কিছু জানায়নি।'
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, 'সংসদ সদস্য না থাকায় এলাকায় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড থমকে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক।'
রিভিউ করবেন আসলাম চৌধুরী
আসলাম চৌধুরী বলেন, 'আপিল বিভাগের রায়ের কপি এখনো হাতে পাননি। কপি পাওয়ার পর তিনি রিভিউ করবেন। তাঁর আশা, রিভিউয়ে ফল তাঁর পক্ষে আসবে।'
নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, 'চট্টগ্রাম-৪ আসন নিয়ে তাঁদের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্বাচন কমিশন ও আদালত থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'