সেনাসদস্য নিহতের পর টেকনাফের পাহাড়ে তিন লাশের খবর

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 08:11 pm
সেনাসদস্য নিহতের পর টেকনাফের পাহাড়ে তিন লাশের খবর

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা ঘিরে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে পাহাড়ের জঙ্গলে নতুন করে তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো লাশগুলো উদ্ধার করতে পারেনি। ফলে সেগুলো সত্যিই লাশ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে এসব লাশ পড়ে থাকার খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর শুনেছেন। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

শুক্রবার বিকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত সেগুলো লাশ কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মানবপাচার যতদিন চলবে, ততদিন অভিযানও চলবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। একই অভিযানে পাহাড়ে বন্দি থাকা ৫৬ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাহাড়ে নতুন করে তিনটি লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাদের দাবি, টেকনাফের পাহাড়ে সশস্ত্র অপরাধী ও মানবপাচারকারী চক্রের আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানা নির্মূলে বিচ্ছিন্ন অভিযানের পরিবর্তে পুরো পাহাড়জুড়ে সমন্বিত সাঁড়াশি অভিযান চালানো প্রয়োজন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।