দাম বাড়ছে, সরবরাহ কমছে—এলপিজি কিনতে ক্রেতাদের বাড়তি খরচ

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 09:11 am
দাম বাড়ছে, সরবরাহ কমছে—এলপিজি কিনতে ক্রেতাদের বাড়তি খরচ

সংরক্ষিত ছবি

সরকার নির্ধারিত দামেও মিলছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে সরবরাহ সংকট ও বেশি দামে গ্যাস কেনার কারণে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ পরিবার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের।

সোমবার (২ নভেম্বর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়। এর আগে গত ৪ অক্টোবর একই পরিমাণ সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুরের ২ ও ৬ নম্বর এবং আগারগাঁও এলাকায় ক্রেতা, ব্যবহারকারী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তাঁদের অভিযোগ, দফায় দফায় দাম বাড়লেও বাজারে নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না।

খিলগাঁওয়ের বাসিন্দা আহমেদ সোহেল প্রতি মাসে পরিবারের রান্নার জন্য ১২ কেজির একটি সিলিন্ডার কেনেন। তিনি জানান, আগে সরকারি নির্ধারিত দাম ১ হাজার ৮০০ টাকার কাছাকাছি থাকলেও তাঁকে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা দিতে হয়েছে। এখন দাম আরও বাড়ায় আড়াই হাজার টাকার বেশি গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

মিরপুর-২ এলাকার হোটেল ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, আগে ১ হাজার ৮৫০ টাকার সিলিন্ডার কিনতে তাঁকে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ১৫০ টাকা দিতে হতো। তিনি সরাসরি ডিলারের কাছ থেকে গ্যাস কেনেন না। খুচরা বিক্রেতাদের কাছ থেকেই কিনতে হয়। ফলে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিতে হয়।

শহিদুলের দুটি চুলায় তিন দিন পরপর দুটি সিলিন্ডার লাগে। গ্যাসের পাশাপাশি ময়দাসহ অন্যান্য উপকরণের দামও বেড়েছে। এতে ১০ টাকায় পরোটা বিক্রি করে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাঁর ভাষ্য, খরচ সামলাতে না পারলে খাবারের দাম বাড়াতে হবে, নয়তো ব্যবসা বন্ধ করতে হবে।

আগারগাঁওয়ে চা বিক্রি করেন ফখরুদ্দীন। তিনি জানান, ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় কিনেছেন। এতে ১১ থেকে ১৩ দিন চলে। নতুন দাম কার্যকর হওয়ায় এবার বিক্রেতারা ২ হাজার ৫০০ টাকা চাইতে পারেন বলে তাঁর আশঙ্কা। চায়ের দাম বাড়ালে ক্রেতা কমে যাওয়ার ভয়ে অন্য পণ্য বিক্রি করে বাড়তি খরচ সামলানোর চেষ্টা করবেন তিনি।

বিক্রেতারাও পড়েছেন বিপাকে

মিরপুর-৬ নম্বরের সাফোয়ান এন্টারপ্রাইজের বিক্রেতা মো. মামুন বলেন, বর্তমানে তাঁর কাছে পেট্রোম্যাক্স, ইউনি গ্যাস ও আই গ্যাসের সিলিন্ডার রয়েছে। পেট্রোম্যাক্সের ১২ কেজি গ্যাসসহ সিলিন্ডারের দাম ৪ হাজার টাকা এবং অন্য কোম্পানির ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা। তবে কোম্পানিভেদে বোতলের দাম আলাদা।

তিনি জানান, ইউনি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার রিফিল করতে ২ হাজার ৫০০ টাকা লাগে। পেট্রোম্যাক্স ও আই গ্যাসের ক্ষেত্রে লাগে ২ হাজার ৩০০ টাকা। একটি সিলিন্ডার কিনতেই তাঁর ২ হাজার ৩০০ টাকা খরচ হচ্ছে। এর সঙ্গে ১০০ থেকে ১৫০ টাকা লাভ রাখতে হয়। কিন্তু বেশি দাম শুনে ক্রেতারা আপত্তি করেন।

মামুনের অভিযোগ, বাজারে গ্যাসের সরবরাহও কম। এক কোম্পানির খালি বোতল দিয়ে অন্য কোম্পানির গ্যাস নেওয়া যায় না। এ কারণে বোতল বিনিময় নিয়েও ক্রেতাদের সঙ্গে ঝামেলা হয়। সব মিলিয়ে আগের মতো ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।