ডায়াবেটিস মোকাবিলায় আগাম সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর

BD REPORT
বিডি-রিপোর্ট 15 Nov 2026 09:11 am
ডায়াবেটিস মোকাবিলায় আগাম সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

সচেতন জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগটি প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও আগাম সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাঁদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে মানুষ সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির প্রচেষ্টা প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং দিবসের কর্মসূচির সাফল্য কামনা করেন।