দায়িত্বে অবহেলা ও তথ্য পাচারের অভিযোগ, নজরদারিতে পুলিশ-প্রশাসন
বাংলাদেশ পুলিশ
গোপালগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তার বদলি, চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে গ্রেফতার, কক্সবাজারে ১০০ পুলিশ সদস্যকে অন্যত্র বদলি এবং চুয়াডাঙ্গার ডিসিকে প্রত্যাহারের ঘটনায় পুলিশ ও প্রশাসনে অভ্যন্তরীণ নজরদারি ও জবাবদিহির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ, অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্টতা কিংবা রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগে আরও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
সাম্প্রতিক ঘটনাগুলোতে মাঠ প্রশাসন ও পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রশাসনিক বদলি, বিভাগীয় তদন্ত ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার মধ্যে আইনগত পার্থক্য রয়েছে। সব পদক্ষেপকে একই ধরনের শাস্তি বা শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখার সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গোপালগঞ্জে সহিংসতার পর পাঁচ পদে পরিবর্তন
গত ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। এ সময় বিএনপি নেতাদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় ১৬ নভেম্বর জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এর আগে ১৫ নভেম্বর জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে। একই রাতে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কিশোরগঞ্জে বদলির আদেশ দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে জেলার বেসামরিক প্রশাসন ও পুলিশের পাঁচটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসে।
সহিংসতার আগে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছিল কি না, পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনের সমন্বয় কতটা কার্যকর ছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট তথ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা।
পুলিশের ভেতরেও বাড়ছে নজরদারি
সাম্প্রতিক পরিস্থিতিতে নজরদারির দুটি ধারা দেখা যাচ্ছে। একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভাব্য অপরাধী ও সহিংসতার পরিকল্পনাকারীদের ওপর নজরদারি। অন্যটি পুলিশ সদস্যদের পেশাগত আচরণ, যোগাযোগ ও দায়িত্ব পালনের ওপর অভ্যন্তরীণ নজরদারি।
গত ১০ নভেম্বর দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির। সেখানে গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরকে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ৯ নভেম্বর তিন দিনে দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি মামলা এবং ২৯ জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়। একই বৈঠকে নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশের অভ্যন্তরীণ নজরদারি নিয়ে আলোচনায় এসেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের গ্রেফতারের ঘটনা। রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, তাঁর মুঠোফোনের দুটি বার্তাকে কেন্দ্র করে অনুসন্ধান শুরু হয়। ১০ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদ করে সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়। পরে মামলা এবং ১৫ নভেম্বর আদালতের আদেশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের নামে প্রচারিত একটি অডিও ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রথমে তাঁকে প্রত্যাহার এবং পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়।
কক্সবাজারে ১০০ পুলিশ সদস্য বদলি
পুলিশে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের উদাহরণ হিসেবে কক্সবাজারের বিষয়টিও সামনে এসেছে। মাদক ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের মধ্যে সংশ্লিষ্টতার অভিযোগ মোকাবিলায় গত ডিসেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাসে জেলার ১০০ পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭ জন উপপরিদর্শক (এসআই), ৪১ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৩২ জন কনস্টেবল রয়েছেন।
পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, সন্দেহভাজন আরও অনেক পুলিশ সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের গোয়েন্দা ইউনিটগুলো সব সময়ই অভ্যন্তরীণ নজরদারি করে, যাতে বাহিনীর কোনো সদস্য নৈতিক স্খলন বা শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হতে না পারেন। এমন কিছু নজরে এলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘এতে চিন্তিত হওয়ার কিছু নেই।’
সচিবালয়েও প্রশাসনিক গতি নিয়ে প্রশ্ন
পুলিশের পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও দায়িত্ব পালনের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১২ নভেম্বর সচিবালয়ে জরুরি সচিব সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ দেন। ডিসেম্বর ঘিরে রাজনৈতিক আলোচনার মধ্যে কোনো কর্মকর্তা কাজের গতি কমিয়ে অপেক্ষা করছেন কি না, সেই প্রশ্নও বৈঠকে আলোচনায় আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর মধ্যে ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের বক্তব্য ঘিরে বিতর্কের আট দিনের মাথায় এ পরিবর্তন আসে। তাঁকে প্রত্যাহারে সরকারকে আলটিমেটাম দিয়েছিল স্থানীয় ছাত্রদল।
শুদ্ধি অভিযান কতটা কার্যকর হবে
সাম্প্রতিক বদলি, গ্রেফতার, বিভাগীয় অনুসন্ধান ও নজরদারি বাড়ানোর নির্দেশের মধ্য দিয়ে পুলিশ ও প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গত ১ নভেম্বর নবনিযুক্ত পুলিশ ও আনসার ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা, ক্ষমতার অপব্যবহার না করা এবং আইনসম্মত নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এবং ২০২৬ সালের সংশোধিত বিধানে শৃঙ্খলাভঙ্গ, বৈধ আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো অপরাধে বিভাগীয় ব্যবস্থা ও শাস্তির বিধান রয়েছে। একই সঙ্গে অভিযোগের তদন্ত, আত্মপক্ষ সমর্থন ও আপিলের প্রক্রিয়াও নির্ধারিত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, পুলিশ ও প্রশাসনে নজরদারি এবং শুদ্ধি অভিযান প্রয়োজন। তবে তা হতে হবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে। শুধু বদলি বা প্রত্যাহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংকটের সমাধান সম্ভব নয়।
তিনি বলেন, অপরাধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনার পাশাপাশি সৎ ও দক্ষ কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অতিরিক্ত নজরদারি প্রশাসনের ভেতরে অস্থিরতা, আস্থার সংকট ও সিদ্ধান্তহীনতা বাড়িয়ে দিতে পারে।
তৌহিদুল হকের মতে, শুদ্ধি অভিযানের মাধ্যমে প্রকৃত অপরাধী ও দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করা হচ্ছে, নাকি কর্মকর্তাদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তা বিবেচনায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, প্রশাসনের কেউ রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিস্বার্থ কিংবা অপরাধীচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে অভিযোগের প্রমাণ ছাড়া সবাইকে সন্দেহের চোখে দেখলে সৎ ও দক্ষ কর্মকর্তারাও নিরুৎসাহিত হবেন। শুদ্ধি অভিযান বন্ধ না করে এটিকে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি।