দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ, আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
সংগৃহীত
আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এবং নিয়মিত হাঁটার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এ রোগে হৃদ্রোগ, কিডনি বিকল, অন্ধত্ব, পায়ে পচনসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে এ সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দিবসটি উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণসহ অঙ্গচ্ছেদের মতো জটিলতা দেখা দিতে পারে।
তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সুস্থ থাকতে রোগটির ঝুঁকি সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে।
তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মানুষের কাছে চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির প্রচেষ্টা প্রশংসনীয়। আগামী দিনেও প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। সমিতির অনুরোধে বাংলাদেশ সরকারের প্রস্তাবের পর ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করে। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।