ডিবি হেফাজতে নেওয়ার পর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 02:11 am
ডিবি হেফাজতে নেওয়ার পর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান

ইকবাল সোবহান চৌধুরী

যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির নম্বর ২৩।

এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, জানতে চাইলে তা অস্বীকার করেন ডিবির এই কর্মকর্তা। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবিতে আনা হয়নি।

তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যে ছাড়া পাচ্ছেন রাজিব ঘোষ।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।