গোপালগঞ্জে আপাতত কঠোর বলপ্রয়োগে যেতে চায় না সরকার

BD REPORT
বিডি-রিপোর্ট 17 Nov 2026 08:11 pm
গোপালগঞ্জে আপাতত কঠোর বলপ্রয়োগে যেতে চায় না সরকার

সংরক্ষিত ছবি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আপাতত অতিরিক্ত বলপ্রয়োগ না করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ জন্য পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রশাসন ও পুলিশে পরিবর্তন আনা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর সোমবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। প্রশাসনের পরবর্তী স্তরের কর্মকর্তাদের বদলির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শপথ নেন।

সোমবার গোপালগঞ্জ সফর করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, রোববারের ঘটনায় তখনো মামলা হয়নি। রাতে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তবে তাঁদের সংখ্যা প্রকাশ করেননি তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় দুই হাজার ফোর্স মোতায়েন রয়েছে। এর পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ডিসি-এসপির পর তিন ওসি বদলি

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর সোমবার তিন থানার ওসিকেও বদলি করা হয়েছে। তাঁরা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ ও কার্যালয় খোলা

সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যায়। সেখানে তিনটি ফটক খুলে নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট ও টহল

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, অন্য জেলা থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। গোপালগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ খুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ডিআইজি বলেন, আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রাখবে।