মুন্সীগঞ্জে মাজারের একটি কক্ষে ঘুমিয়ে থাকা জাহেদ বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাহেদ পেশায় দিনমজুর ছিলেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ-এর মাজার শরিফের একটি কক্ষে ছিলেন তিনি। এ সময় একই এলাকার ফরিদ বেপারী সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন।
পরে স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, বাড়ির পাশের মাজারে তার বাবা প্রায়ই রাতে ঘুমাতেন। ফরিদ পরিকল্পিতভাবে মাজারে ঢুকে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। মৃত্যুর আগে তার বাবা এ কথা বলে গেছেন। তিনি হত্যাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। তার বিরুদ্ধে আগেও হত্যা ও মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশের ধারণা, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।