নারায়ণগঞ্জে সিম গ্রুপের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 02:11 pm
নারায়ণগঞ্জে সিম গ্রুপের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশের পক্ষ থেকে চারজন আহত হওয়ার কথা জানানো হলেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।

রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।