পোশাক খাতের অস্থিরতায় সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 02:11 pm
পোশাক খাতের অস্থিরতায় সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

দেশের তৈরি পোশাক খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মহলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তাঁর দাবি, অস্থিরতা সৃষ্টির সঙ্গে কিছু শিল্পমালিকও জড়িত। তাঁদের কেউ কেউ বিগত সরকারের আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অস্থিরতায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে সড়ক ও মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর ভাষ্য, কিছু শিল্পমালিকও এসব কর্মকাণ্ডে যুক্ত। আবার কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের ব্যানার ব্যবহার করে এমন কাজ করছেন, যা শ্রমিকদের স্বার্থ রক্ষা করে না।

অস্থিরতায় জড়িতদের তালিকা চেয়েছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন- এমন শিল্পমালিকদের তালিকা দিতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের বলা হয়েছে। শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টিতে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর নামও চাওয়া হয়েছে।

তিনি বলেন, কিছু শিল্পমালিকের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাঁদের কেউ সংসদ সদস্য, কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন। তাঁদের কেউ কেউ এসব ঘটনার পেছনে কাজ করছেন বলে সরকারের কাছে তথ্য ও প্রমাণ রয়েছে।

সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এসব ঘটনায় অডিও, ভিডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রকৃত শ্রমিকদের এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন নিজেদের কর্মসংস্থান ধ্বংস হোক, তা চাইতে পারে না। কেউ ভুলক্রমে এসব কর্মকাণ্ডে জড়িয়ে থাকলে তাঁকে সরে আসার আহ্বান জানান তিনি।

পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতি তিন বছর অন্তর ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়।

শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নাম পাওয়ার পর গত ১ নভেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে বোর্ড গঠন করা হয়েছে। খুব শিগগিরই বোর্ডের সভা ও আলোচনা শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের সময়সীমা রয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের চেষ্টা করা হবে। শ্রমিকদের জীবনমান ও স্বার্থ বিবেচনায় নিয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে মজুরি নির্ধারণের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

পোশাকশিল্প এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি

শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দফতরে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং মালিকপক্ষের সংগঠনগুলো পৃথক যোগাযোগ কর্মকর্তা নিয়োগ করেছে।

‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সম্ভাব্য অস্থিরতার বিষয়ে আগাম তথ্য পাওয়ার পরও সরকার প্রস্তুত ছিল। শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নাম আগে পাওয়া গেলে মজুরি বোর্ড আরও আগে গঠন করা সম্ভব হতো।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করা হয়।

বন্ধ কারখানা চালু রাখতে সহযোগিতা

চলমান অস্থিরতার কারণে সাময়িকভাবে বন্ধ হওয়া কারখানাগুলো চালু রাখতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আর্থিক সংকট, রফতানি আদেশ কমে যাওয়া কিংবা নিজস্ব সমস্যার কারণে কিছু কারখানা বন্ধ থাকতে পারে। তবে কোনো শ্রমিক যেন কর্মহীন হয়ে না পড়েন, সেটিই সরকারের লক্ষ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য মালিকদের বলা হচ্ছে। তবে উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকেলে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করার কথাও জানান তিনি। সকালে মালিকপক্ষের বক্তব্য শোনার পর শ্রমিক প্রতিনিধিদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

সীমান্তের ওপার থেকে ইন্ধনের অভিযোগ

চলমান পরিস্থিতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে ইশারায় কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও অস্থিরতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি—কোনো মাস বা তারিখকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শ্রমিকবান্ধব ও বিনিয়োগবান্ধব। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৃদ্ধির জন্য শিল্পকারখানায় স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে চায়। সহিংসতা বা ষড়যন্ত্রের মাধ্যমে সেই পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।