প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 03:11 pm
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের রাস্তা

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, 'দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন।'

তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলটি রাত আড়াইটার দিকে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।