শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ২১ ম্যাজিস্ট্রেটসহ বিজিবি মোতায়েন বাড়ল

BD REPORT
বিডি-রিপোর্ট 14 Nov 2026 02:11 pm
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ২১ ম্যাজিস্ট্রেটসহ বিজিবি মোতায়েন বাড়ল

বিজিবি মোতায়েন

গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ সেলের সহকারী কমিশনার আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসকের কার্যালয় ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সমন্বিতভাবে কাজ করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি ও শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা কাজ করছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি

পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত দুই দিন ধরে গাজীপুরে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

প্রথমে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ শুরু হয়। পরে আন্দোলন আশপাশের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে।

ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা

বিক্ষোভের একপর্যায়ে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার ফটক ভাঙচুর করা হয়। মৌচাক এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এছাড়া আনসার একাডেমির সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

পরে রতনপুর, কোনাবাড়ী ও কাশিমপুরসহ আশপাশের শিল্পাঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভের মুখে এসব এলাকার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্ট জনভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।