তিন দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, দুই কিলোমিটারজুড়ে যানজট

BD REPORT
বিডি-রিপোর্ট 16 Nov 2026 10:11 am
তিন দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, দুই কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা-আরিচা মহাসড়ক

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের বিক্ষোভে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাঁরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবি জানান।

পুলিশ জানায়, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছু সময় পর কারখানা থেকে বেরিয়ে আসেন। এরপর তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকেরা তিন দফা দাবি জানিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।